
নাটোরের গুরুদাসপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তার বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সরকারি কোয়ার্টারে ঢুকে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামকে বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২ মে) ভোরে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে অবস্থিত সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি দল তার বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। ঘরে ঢুকেই তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এরপর ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি ও রুপার নূপুর খুলে নেয়। পাশাপাশি ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বাইরে বের হতে না পারেন, সেজন্য তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয় ডাকাতরা।
ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

