রবিবার, মে ৩, ২০২৬

অবৈধ সম্পদ মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ গঠন, ১৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে গত ৮ মার্চ একই আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলার বিবরণ অনুযায়ী, দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উঠে আসে, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে প্রায় ১২ কোটি টাকার সম্পদের তথ্য দিলেও প্রকৃতপক্ষে তার মালিকানায় প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে ৭ কোটি ৫২ লাখ টাকার বেশি স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ অন্তর্ভুক্ত।

এছাড়া বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা শনাক্ত করা হয়েছে। ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসেবে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদের উৎস অস্পষ্ট বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, এই অর্থের প্রকৃত উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ বিনিয়োগের মাধ্যমে তা স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।

আদালত সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৩ মে থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ