মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া মানবপাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের রুমান মিয়া (৩৬) ও সোহাগ মিয়া (২৫)। তারা আজমিরীগঞ্জ থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার পলাতক আসামি।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার বাসিন্দা ইমন চৌধুরী (২০) নামে এক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রটি তার পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রথমে পাসপোর্ট ও নগদ ৩ লাখ টাকা নেওয়ার পর বিভিন্ন ধাপে আরও অর্থ আদায় করা হয়।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ইমনকে ইতালি পাঠানোর কথা থাকলেও তাকে প্রথমে সৌদি আরব এবং পরে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চক্রটি ইমনের পরিবারের কাছে আরও মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ইমনের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সম্প্রতি লিবিয়ার মরুভূমিতে বেশ কিছু মরদেহ পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইমনের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এরপর থেকেই ইমনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী একটি মামলা দায়ের করেন। র‍্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ