
নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নিজ বাবা-মাকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক সোহেলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে জমি নিজের নামে লিখে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সোহেলের বিরুদ্ধে তার বাবা-মাকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার পর বৃদ্ধ বাবা তারা মিয়া ও তার স্ত্রী কান্নাজড়িত অবস্থায় বারহাট্টা উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থনা করেন।
সেখানে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় তারা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন মোজাম্মেল হক সোহেল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে কেন্দ্রীয় যুবদলের বহিষ্কারাদেশের পর জেলায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো আদালতের রায় বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে।

