
অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইন্টারেক্টিভ কেয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও রেয়ার আল সামিরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশত্যাগের সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে আটক করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের পর আদাবর থানায় হস্তান্তর করেছে। আগামীকাল (২৯ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে।
অভিযোগ রয়েছে, ইন্টারেক্টিভ কেয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও তা ফেরত দেওয়া হয়নি এবং প্রতিশ্রুত মুনাফাও বিতরণ করা হয়নি। বিনিয়োগকারীরা জানান, সাম্প্রতিক সময়ে রেয়ার আল সামিরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে; ফোন বা অন্যান্য মাধ্যমে তাকে পাওয়া যাচ্ছিল না।
কয়েকজন বিনিয়োগকারীর দাবি, বকেয়া অর্থের পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। এক বিনিয়োগকারী সাদমান বলেন, “অনেকের কাছ থেকে টাকা নেওয়া হলেও এখন আর কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না, মুনাফা তো দূরের কথা মূল অর্থও ফেরত দেওয়া হয়নি।”
২০২০ সালে প্রতিষ্ঠিত ইন্টারেক্টিভ কেয়ার কোভিড-১৯ মহামারির সময় অনলাইন শিক্ষার চাহিদা বাড়ার সঙ্গে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। প্রতিষ্ঠানটি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ভাষা শিক্ষাসহ বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক কোর্স পরিচালনা করে আসছিল।
পরবর্তীতে স্টার্টআপটি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে এবং ২০২৩ সালে অ্যাকসেলারেটিং এশিয়া প্রোগ্রামের মাধ্যমে ১ লাখ ডলার বিনিয়োগ পায়। তবে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে।

