শনিবার, মে ২, ২০২৬

গাজীপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক আদেশে তাদের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃতরা হলেন— কোনাবাড়ি থানার এএসআই আজিজুল হক, কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন অভিযোগ করেন, গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে চৌরাস্তা এলাকার রুবেল ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয়। পরে তাকে বাইমাইল হরিণচালা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা একটি পলিথিনে ইয়াবা দেখিয়ে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখায় এবং তার কাছ থেকে নগদ ২৮ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় সিএনজিতে থাকা সিফাত নামের আরেক যুবককেও আটক রেখে ভয়ভীতি দেখানো হয় এবং তার কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

পরবর্তীতে দেলোয়ারকে বাইমাইল মসজিদ মার্কেট এলাকায় নিয়ে গিয়ে তার মোবাইল ব্যাংকিং (বিকাশ) অ্যাকাউন্ট থেকে আরও প্রায় ৭ হাজার ২০০ টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা নেওয়ার পর বিষয়টি কাউকে জানালে ক্ষতির হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর রাতে কয়েকজন পুলিশ সদস্য তার বাসায় গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং আংশিক অর্থ ফেরত দেন। পরদিন তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সময় উপস্থিত সিফাত ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করেছেন। অন্যদিকে অভিযুক্ত এএসআই আজিজুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল-আমিন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাথমিকভাবে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ