শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয়ে প্রতারণা: সাতকানিয়ায় নারীসহ ৪ জন আটক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিকল্পিতভাবে ফাঁদ পেতে ভিডিও ধারণ এবং পরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন নুরুল আবছার, ইয়াছমিন আক্তার, জাহাঙ্গীর আলম ও জয়নাল উদ্দিন। তাদের বাড়ি বাশখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সজল কান্তি দাশ নামে এক ওঝাকে টার্গেট করে চক্রটি ফাঁদ তৈরি করে। প্রথমে এক নারী কৌশলে তার কক্ষে প্রবেশ করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এ সময় তার ব্যাগে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে ভুক্তভোগীর অজান্তে ছবি ও ভিডিও ধারণ করা হয়।

এর কিছুক্ষণ পর নুরুল আবছারসহ আরও দুইজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কক্ষে প্রবেশ করেন। ধারণ করা ভিডিও দেখিয়ে তারা সজলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা ২ লাখ টাকার কমে কোনো সমঝোতায় রাজি হয়নি। পরে বিষয়টি সন্দেহ হলে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চারজনকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে হেফাজতে নেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ