Tuesday, August 4, 2026

কেরানীগঞ্জে কথিত ই’য়া’বা কারখানায় র‍্যাবের অভিযান, কেমিস্ট ও ডিলার গ্রে’প্তা’র

ঢাকার কেরানীগঞ্জে একটি কথিত ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজন কেমিস্ট ও একজন ডিলারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। অভিযানে ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা জব্দ করার দাবি করেছে বাহিনীটি।

সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু (৪২) এবং কারখানার মালিক ও কথিত ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির (৪৫)।

র‍্যাব জানায়, গত ২ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় মোটরসাইকেলে করে ইয়াবা পরিবহনের প্রস্তুতিকালে ফয়সাল ইসলাম মিঠুকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

পরে ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি অভিযানে কথিত ইয়াবা কারখানা থেকে কেমিস্ট নাছিরকে গ্রেপ্তার করা হয়। ওই কারখানা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, নাছির প্রায় ১০ বছর ধরে চট্টগ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কার্যক্রম পরিচালনা করছিলেন। তাঁর দাবি, ওই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো এবং ফয়সাল ইসলাম মিঠু সেগুলো বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার ফয়সাল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় মাদক-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ