
মাসুদ চৌধুরী সাঈদ, শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৪ জুন রবিবার রাতে শিবালয় উপজেলার টেপড়া শিবরামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে টেপড়া শিবরামপুর এলাকার ফরহাদ আলীর পুত্র, শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ (৩২) ও মৃত তফছের আলীর পুত্র জিগির আলী (৩৬)-কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত এক বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করে ডিবি পুলিশ। এ সময় ফয়েজের নিকট থেকে ৪০০ ও জিগিরের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে, ফয়েজের বিরুদ্ধে শিবালয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, শুধু এঁরা নন, এরকম আরও অনেক আছে। তারা দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের পক্ষে পুলিশ প্রশাসনের একা সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন। তাহলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকসহ তাদের আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

