মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ভিজিডির চাল আত্মসাতের মা’ম’লায় সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের মামলায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড এবং আত্মসাৎ করা চালের সমমূল্যের অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ২৬০ জন উপকারভোগীর জন্য ৭ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাবুল আক্তার সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করলেও তা উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অভয়নগর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় বাবুল আক্তারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, দুই দণ্ড ধারাবাহিকভাবে কার্যকর হওয়ায় তার মোট কারাদণ্ড দাঁড়িয়েছে ১৩ বছর।

এছাড়া আত্মসাৎ করা চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ