
লাইনম্যানের হামলার অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. মমিন নামে এক অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় অভিযুক্ত লাইনম্যান শাহিনের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা।
নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। স্বজনদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় লাইনম্যান শাহিন প্রথমে মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। কিছুক্ষণ পর আবারও টাকা দাবি করলে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

