Thursday, September 24, 2026

দুদকের মামলায় শাহজাদপুরের পিআইও আবুল কালাম আজাদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একাধিক মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রবিবার (৩ মে) দিবাগত রাতে পাবনা শহরের গোপালপুর এলাকা থেকে দুদক ও পুলিশের একটি যৌথ টিম তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ পাবনার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের শমসের আলী মিয়ার ছেলে। তিনি বর্তমানে পরিবারসহ পাবনা পৌর শহরের শালগাড়িয়া সদর হাসপাতাল সড়ক এলাকায় বসবাস করছিলেন।

মামলার নথি অনুযায়ী, শাহজাদপুর উপজেলায় কর্মরত থাকাকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোল তৈরি এবং সরকারি অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করে দুদক। দীর্ঘ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পায় কমিশন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ মে তাকে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ৩ জুলাই দুদকের পাবনা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন।

তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, দাখিলকৃত বিবরণীতে তিনি ৯ লাখ ৪২ হাজার ২৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অনুসন্ধানে তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের প্রমাণ পেয়েছে দুদক।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ