রবিবার, মে ৩, ২০২৬

মিরপুরে স্টোর রুমে আগুন: বোরকা পরে নাশকতার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলাম, মো. জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খান। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার।

তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন দেয়। এতে সেখানে সংরক্ষিত ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়, ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত এবং ৪৫০টি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ৮৩টি ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।

ঘটনার পর মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার বিকেলে মিরপুর-২ এলাকা থেকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্টোর রুমে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এলাকায় অভিযান চালিয়ে অপর দুই আসামি জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তাদের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন ও অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে এবং দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ