শনিবার, মে ২, ২০২৬

কুমিল্লায় ‘জিবি’ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, এক ঘণ্টা সড়ক অবরোধ

কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধ ‘জিবি’ নামে চাঁদাবাজির প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ ও সাময়িক ধর্মঘটে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শুক্রবার (১ মে) সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় চালকরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিন তিন দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কিন্তু রশিদ দেওয়া হয় মাত্র ১৫ টাকার। দীর্ঘদিন ধরে এভাবে জোরপূর্বক টাকা আদায় করা হলেও প্রতিকার না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান চালকরা।

একজন চালক বলেন, “বহুবার প্রতিবাদ করেছি, কিন্তু কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে অবহিত করেন।

মন্ত্রী অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং চালকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার কথা জানান। এ সময় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন বলেন, “সড়কে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পরে আশ্বাসের ভিত্তিতে চালকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে দীর্ঘদিন ধরে ‘জিবি’ নামে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ