
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে পচা ডিম বিতরণের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। ৯ জুলাই দুপুরে উপজেলার নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের নিম্নমানের বা পচা খাবার বিতরণের অভিযোগ ওঠার পর বিদ্যালয়গুলোর খাবারের মান তদারকি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে ইউএনও আরিফুর রহমান বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা খাবারের মধ্যে পচা ডিম দেখতে পান। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ইউএনও বিদ্যালয় পরিদর্শনে এসে একটি পচা ডিম পেয়েছেন। তবে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী বর্তমানে মিড-ডে মিল কর্মসূচির আওতায় খাবার পাচ্ছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ এবং পুষ্টিসমৃদ্ধ ফর্টিফায়েড বিস্কুট সরবরাহ করা হচ্ছে।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি প্রতিষ্ঠান এই খাদ্য বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

