রবিবার, জুলাই ১২, ২০২৬

৮৩ কোটি টাকা আ’ত্ম’সা’তের মা’ম’লা’য় পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

৯ জুলাই ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১৮ আসামির মধ্যে বর্তমানে ছয়জন কারাগারে রয়েছেন। বাকি ১২ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ‘মুন এন্টারপ্রাইজ’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের পক্ষে ভুয়া নথিপত্র তৈরি করেন। এসব নথি ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৮৩ কোটি ৮৪ লাখ টাকার ঋণ অনুমোদন করিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে সেই অর্থ পাচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২১ সালের ২৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২০ এপ্রিল তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার প্রধান আসামি পি কে হালদার, যিনি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বর্তমানে ভারতে রয়েছেন। ২০২২ সালের ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি সেখানেই কারাবন্দী রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ