শনিবার, জুলাই ১১, ২০২৬

আবেদ আলীর ছেলে সোহানুরের বিরুদ্ধে দুদকের মা’ম’লা’য় সাক্ষ্যগ্রহণ শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন এবং আরেক সাক্ষী মিন্টু মিয়া সাক্ষ্য দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

তিনি জানান, দুই সাক্ষীর মধ্যে মিন্টু মিয়ার সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। অপরদিকে জাকির হোসেনের মূল সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এদিন শুনানির সময় কারাগারে থাকা সোহানুর রহমান সিয়ামকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৭ জুন একই আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সোহানুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরে একই বছরের ৩০ ডিসেম্বর তদন্ত শেষে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে সোহানুরের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামকে গত ২০ জানুয়ারি দুদক গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ