
হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোডসহ কয়েকটি এলাকা পরিদর্শনের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য এবং পূর্ব থেকে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণে ব্যর্থতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ মে বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
ব্যবস্থার মুখোমুখি হওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

