শুক্রবার, মে ২৯, ২০২৬

জা’ল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টাকালে যুবদল নেতা আটক

জাল চেকের মাধ্যমে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকে সন্দেহজনক লেনদেন

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে ‘এ আর এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ৪ কোটি টাকার একটি চেক জমা দেয়। চেকটির হিসাব নম্বর ছিল- ২০৫০৪৩৫০১০০০৪২৫১০।

অভিযোগ রয়েছে, তারা দ্রুত ফান্ড ট্রান্সফারের জন্য ব্যাংক কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

ব্যাংক কর্মকর্তার সন্দেহ

বিষয়টি ব্যাংকের ম্যানেজার (অপারেশন) বোরহান উদ্দিন আহমেদের সন্দেহ হলে তিনি টাকার উৎস এবং লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান। তবে চক্রের সদস্যরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

পরবর্তীতে চেকে উল্লেখিত মূল অ্যাকাউন্টধারীর সঙ্গে যোগাযোগ করা হলে পল্টন শাখার গ্রাহক রাশেদুল ইসলাম চৌধুরী জানান, তিনি কাউকে ৪ কোটি টাকার কোনো চেক প্রদান করেননি এবং চেকে থাকা স্বাক্ষর জাল করা হয়েছে।

জালিয়াতি নিশ্চিত হওয়ার পর আটক

জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম চক্রের সদস্য মাসুদ চৌধুরীকে আটক করে রাখেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুদ চৌধুরীকে আটক করেছে।

তিনি আরও জানান, আটক মাসুদ চৌধুরী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে এবং স্থানীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ