
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত। দুবাই ফেরত এক প্রবাসী যুবককে অপহরণ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং মুক্তিপণ দাবির ঘটনায় আদালতের নির্দেশ যথাসময়ে বাস্তবায়ন না করায় এ আদেশ দেওয়া হয়।
রোববার (২৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রবাসী যুবক অপহরণের অভিযোগ
মামলা সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকার সাহিদা বেগমের ছেলে বাবু (২৫) দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। গত ১৪ মে রাতে দেশে ফেরার পথে ফতুল্লার কাশীপুর ব্রিজ এলাকায় তার গাড়ির গতিরোধ করে একদল দুর্বৃত্ত।
পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
অভিযোগ অনুযায়ী, গোগনগর এলাকার সাদ্দাম হোসেন, আকরাম প্রধানসহ অজ্ঞাত আরও কয়েকজন বাবুকে একটি নির্জন স্থানে আটকে রাখে। সেখানে তার কাছে থাকা প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া তাকে মুক্তি দিতে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগ
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ফতুল্লা মডেল থানার ওসিকে প্রাথমিক তদন্ত করে তিন ঘণ্টার মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিবেদন জমা না পড়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন। আদালতের আদেশে বলা হয়, কেন নির্ধারিত সময়ের মধ্যে অপহরণ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি, সে বিষয়ে ওসিকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।
আদালতের কঠোর অবস্থানের পর উদ্ধার
আদালতের কঠোর অবস্থানের পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃত প্রবাসী বাবুকে উদ্ধার করে। তবে ঘটনার পর পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা এবং দায়িত্ব পালনে বিলম্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ওসির বক্তব্য
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, “ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।”
আদালতের শোকজ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের কোনো আদেশ এখনো তার হাতে পৌঁছেনি।
এছাড়া এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আদালত ভিকটিম উদ্ধারের নির্দেশ দিয়েছেন, গ্রেফতারের বিষয়ে কিছু বলা হয়নি।

