মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জমি বি’রোধের জেরে ঝালকাঠিতে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে আগুন, ক্ষতির দাবি ১০ লাখ টাকা

ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে দুই ভাইয়ের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, কাপড়চোপড়সহ সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, জমি ও পূর্ব বিরোধের জের ধরেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে জড়িত দুর্বৃত্তরা এখনো গ্রেপ্তার হয়নি। বরং বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা দাবি করা হচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।

প্রতিবেশী জাকির হোসেন খান বলেন, রাতে ঘুমের মধ্যে টিন পোড়ার শব্দ শুনে বাইরে বের হন তিনি। পরে চিৎকার করে স্থানীয়দের ডাকলেও ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের আত্মীয় হারুন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা দেখতে পান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ