
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করেছে বলে রোববার দুপুরে জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে জানা গেছে।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
মামলার নথি অনুযায়ী, দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়ে দুবাই পুলিশ, ইন্টারপোল কিংবা সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা রয়েছে।
উল্লেখ্য, সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

