মঙ্গলবার, জুন ৯, ২০২৬

জার্সি পরে ক্লায়েন্টদের ৫০% ছাড়ের ঘোষণা, বিপাকে আইনজীবী মিঠুন শাহা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইনি সেবা প্রদান এবং একই জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য ৫০ শতাংশ ফি ছাড়ের ঘোষণা দেওয়ায় আইনজীবী মিঠুন শাহাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। একই সঙ্গে কেন তার আইনজীবী সনদ স্থগিত করা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৭ জুন বাংলাদেশ বার কাউন্সিলের জেলা ও দায়রা জজ আদালত শাখার সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা যায়, মিঠুন শাহা আইনজীবীদের নির্ধারিত পেশাগত পোশাকের পরিবর্তে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইনি সেবা প্রদান করছেন। পাশাপাশি আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে আইনি সেবা নিতে আসা ক্লায়েন্টদের জন্য অর্ধেক ফি নেওয়ার বিশেষ অফার ঘোষণা করেছেন।

বার কাউন্সিলের মতে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত ‘ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েট’-এর সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে উল্লেখ করা হয়, আইনজীবীদের পেশাগত আচরণ সর্বদা শৃঙ্খলাপূর্ণ ও মর্যাদাসম্পন্ন হওয়া প্রয়োজন। আইনি সেবাকে কেন্দ্র করে কোনো ধরনের বাণিজ্যিক অফার বা প্রচারণা আইনজীবী পেশার নীতি ও মর্যাদার পরিপন্থী।

শোকজ নোটিশে আরও বলা হয়, মিঠুন শাহার এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে। এমনকি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাকে একাধিকবার সতর্ক করার পরও তিনি এসব কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আইনজীবী সনদ স্থগিত করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বার কাউন্সিল।

তবে এ বিষয়ে আইনজীবী মিঠুন শাহার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ