
সাবেক চার প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যসহ (এমপি) ৯ জনের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার (১০ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথক আদেশে এই নির্দেশ দেন।
যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুর।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম রাসেল প্রত্যেকের আয়কর নথি জব্দের জন্য পৃথক পৃথক আবেদন করেন।
আবেদনগুলোতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তাদের ব্যাংক হিসাবগুলোতে অবৈধ লেনদেন করে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরো বলা হয়েছে, অভিযুক্তরা নিয়মিত আয়কর দাতা। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তাদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। আর আয়কর নথি যাচাই-বাছাই করার জন্য তাদের আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দ করা প্রয়োজন।

