
কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলা পরিষদের অধীনস্থ ওই বাসস্ট্যান্ডে দৈনিক ১৫ টাকার পরিবর্তে হঠাৎ করে ১৫০ টাকা চাঁদা আদায়ের ঘোষণা দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লা-বুড়িচং রুটে চলাচলকারী সিএনজি চালকরা। প্রতিবাদ হিসেবে তারা বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে চালকরা অবরোধ প্রত্যাহার করেন।
ঘটনার পর চাঁদাবাজির অভিযোগ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও স্থানীয় সংসদ সদস্য। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের সঙ্গে রেজাউল কাইয়ুমের অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে জানায় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
এদিকে, রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন এবং তার মুক্তির দাবি জানান। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতে এ ঘটনা সাজানো হয়েছে। তারা দাবি করেন, শাসনগাছা বাসস্ট্যান্ডের চাঁদাবাজির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা শহর ও বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

