শনিবার, মে ২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে ঢালাই, নরসিংদীতে সমালোচনার ঝড়

নরসিংদীর পলাশ উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে থাকা সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দেয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ডাঙা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা থেকে ডাঙা বাজার পর্যন্ত চার লেন সড়কের একটি অংশে প্রায় ১২০ মিটার এলাকায় ঢালাইয়ের কাজ করছিল ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) লিমিটেড’।

ঘটনার সময় এলাকায় প্রবল বৃষ্টি হলে সড়কের ওই অংশে হাঁটুসমান পানি জমে যায়। তবুও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পানির মধ্যেই বালু-সিমেন্ট ও কংক্রিট দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং অনেকে মোবাইলফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

পরবর্তীতে খবর পেয়ে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কাজের ত্রুটি শনাক্ত করে ত্রুটিপূর্ণ ঢালাই তুলে ফেলে পুনরায় কাজ করার নির্দেশ দেন।

নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল বলেন, ‘সড়ক নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। তারা ত্রুটিপূর্ণ অংশ অপসারণ করে নতুন করে ঢালাই করবে।’

এদিকে কাজের অনিয়মের কথা স্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন। তিনি জানান, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কিছু অংশ পানির মধ্যে ঢালাই হয়ে যায়। পরে দ্রুত কাজ বন্ধ করা হয় এবং এখন সেই অংশ পুনরায় নির্মাণ করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ