
জন্মনিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম।
বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন—সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শফিক), সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান এবং কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়া।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন সনদ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
উপপরিচালক শরিফুল ইসলাম জানান, বরখাস্তের পাশাপাশি চার চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

