
দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। পৃথক দুটি আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল তার আয়কর নথি জব্দের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি নিজ নামে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করে এবং মোট ৮২টি ব্যাংক হিসাব ব্যবহার করে সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ আবু রাজিব মারুফ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদ ভোগ–দখলে রাখার মাধ্যমে তিনি আইন লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়। এ অভিযোগেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদক জানিয়েছে, চলমান তদন্তের স্বার্থে উভয়ের আয়কর নথি জব্দ করে বিস্তারিত পর্যালোচনা করা প্রয়োজন। আদালত আবেদনগুলো গ্রহণ করে আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

