
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রার অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, আহমেদ আকবর সোবহানের পাশাপাশি তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেন। তাদের পক্ষে আইনজীবী এনামুল হক সর্দার আবেদনটি দাখিল করেন। শুনানিতে পক্ষে ছিলেন আইনজীবী গোলাম মোস্তফা, বোরহান উদ্দিন ও খোরশেদ আলম।
অন্যদিকে, আবেদনটির বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম। শুনানিতে দেলোয়ার জাহান রুমি বলেন, আহমেদ আকবর সোবহান ও আফরোজা বেগমের বিরুদ্ধে মামলা রয়েছে এবং জামিন ছাড়া তাদের বিদেশ যাওয়ার সুযোগ নেই। এছাড়া, বাকি তিনজন আদালতে উপস্থিত না হয়ে এ ধরনের অনুমতি পেতে পারেন না বলেও তিনি যুক্তি উপস্থাপন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

