বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

বসুন্ধরার চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে বিদেশ যেতে অনুমতি দিলেন না আদালত

বসুন্ধরার চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে বিদেশ যেতে অনুমতি দিলেন না আদালত

 

এসিএম নিউজ, ঢাকা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফওয়ান সোবহানকে বিদেশ যেতে অনুভূতি দিলেন না আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুইজনের বিদেশ যাওয়ার অনুমতির আবেদন নামঞ্জুর করে দেন।

দুইজনের পক্ষে তাঁদের আইনজীবী এক মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। এ সময় সাফওয়ান সোবহান আদালতে হাজির ছিলেন। তবে আফরোজা বেগম আদালতে হাজির ছিলেন না। তিনি আদালতে হাজির না থাকায় তার অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেন আদালত। অন্যদিকে সাফওয়ান সোবহানের পক্ষে তার আইনজীবী বলেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি এক মাসের জন্য বিদেশ যেতে চান। তিনি আবার ফিরে আসবেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম আপত্তি জানান। তিনি বলেন দুদক প্রতিবেদন দাখিল করে বলেছে, আবেদনকারীর স্ত্রী ছেলে-মেয়ে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি বিদেশ গেলে আর ফিরে আসার সম্ভাবনা নেই বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালত সাফওয়ান সোবহানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেন।

 

এর আগে গত বছর ২৬ অক্টোবর আহমেদ আকবর সোবহান, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহানের বিদেশ গমনের অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেন একই আদালত।

এর আগে গত বছরের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ এ পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। যাদের নামে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় তারা হলেন -আহমেদ আকবর সোবহান ওরফে শাহে আলম, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী সাবরিনা সোবহান, আরেক ছেলে সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান এবং আরও দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, রূপান্তরসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। তারা দেশত্যাগের পরিকল্পনা করেছেন এমন প্রেক্ষাপটে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করার আবেদন করে দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন। শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ