
এসিএম নিউজ, ঢাকা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ঢাকার বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহযোগিতা করে ব্যাংক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন না করে, ক্ষমতার অপব্যবহারপূর্বক ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলেম এবং তা পরবর্তী সময়ে বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ লাখ টাকা অস্বাভাবিক লেনদেন করেন বলে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে আদালতের নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

