
ভোটের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ জামায়াতের এক নেতাকে আটকের ঘটনা দলটির দেউলিয়াত্ব ও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেছে বিএনপি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা বলেন।
তিনি দাবি করেন, টানা চারদিন দেশে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় এত বিপুল অর্থ বহনের কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। তাঁর ভাষ্য, এটি স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা। দুর্নীতিবিরোধী বয়ান দেওয়া একটি দলের ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

