সোমবার, মে ৪, ২০২৬

প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন টিউলিপ সিদ্দিক মা-ভাই-বোনের প্লট বরাদ্দে দুর্নীতিতে ৬ বছরের কারাদণ্ড

এসিএম নিউজ, ঢাকা

যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য ও সংসদ সদস্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার মা, ভাই, বোনের প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন। টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক ও তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার রায়ে এ কথা বলেছেন আদালত।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামি আজমিনা ও রাদওয়ানের নামে পোর্ট বরাদ্দে দুর্নীতির পৃথক দুটি মামলার রায় ঘোষণা করেন। দুটি মামলায় প্রত্যেকটিতে ২ বছর করে টিউলিপ সিদ্দিককে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে গত এক ডিসেম্বর সিদ্দিকের মা শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত মামলার রায়ে টিউলিপকে ২ বছর কারাদন্ড দেওয়া হয়। অর্থাৎ তিন মামলায় তাকে মোট ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়েছে, মামলায় সাক্ষীদের জবানবন্দি, তদন্ত প্রতিবেদন ও মামলায় জব্দ করা বিভিন্ন দলিলপত্র অনুযায়ী স্পষ্ট তো প্রমাণিত হয়েছে যে, টিউলিপ সিদ্দিক অনৈতিক প্রভাব খাটিয়ে মা ভাই বোনের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন।
আদালত রায়ে আরো বলেন, টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে মা-ভাই-বোনের নামে প্লট বরাদ্দ দিতে প্রভাবিত করেছেন। তিনি বিদেশে থেকে বারবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তার একান্ত সচিব সালাউদ্দিনকে ফোন করে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেন। এছাড়া দেশে এসেও তিনি সালাউদ্দিনের সঙ্গে দেখা করে প্লট বরাদ্দ দিতে চাপ সৃষ্টি করেন।
মা-ভাই-বোন রাজউকের প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্বেও তিনি কর্তৃপক্ষকে প্লট বরাদ্দ দিতে প্রভাবিত করায় ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রমাণিত হয়।
অনৈতিকভাবে সরকারি সম্পদ বরাদ্দ নিয়ে দখলে নেওয়ায় প্ররোচিত করার কারণে তিনি দন্ডবিধির ১০৯ ধারায় সাবেক প্রধানমন্ত্রীকে ও তার একান্ত সচিব কে প্ররোচিত করায় তাকে সাজা দেওয়া হয়েছে বলে আদালত রায়ে বলেছেন।
তিনটি মামলায় নিজের নামে প্লট বরাদ্দ না নিয়েও মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ নেওয়ায় সাজা পেয়েছেন টিউলিপ।
উল্লেখ্য দুই মামলায় শেখ হাসিনাকে ১০ বছর, এক মামলায় আজমিনাকে ৭ বছর ও এক মামলায় রাদওয়ানকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাকে এবং সাবেক গণপূর্ত মন্ত্রীকেও সাজা দেওয়া হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ