বুধবার, জুন ১০, ২০২৬

ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দু’র্নী’তি ও হু’মকির অ’ভিযোগ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফায়ার হাউস ইন্সপেক্টর রেজায় রাব্বি এবং ফায়ার ফাইটার সাদ্দাম হোসেন। অভিযোগ অনুযায়ী, সাদ্দাম হোসেন দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে বিভিন্ন তদবির ও প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছেন। অন্যদিকে রেজায় রাব্বির বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের আরও দাবি, বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত তথ্য প্রকাশ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে একাধিক সাংবাদিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগপত্রে সাংবাদিকদের নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী সাংবাদিকদের একজন নিয়ামুল ইসলাম রিয়াজ দাবি করেন, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে। তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।

এদিকে অভিযোগকারীরা জানান, বিষয়টি শুধু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও অবহিত করা হয়েছে। তাদের দাবি, দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

অভিযোগকারীদের মতে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে দীর্ঘদিন ধরে নীরবতা বজায় রাখা হচ্ছে। এতে করে ফায়ার সার্ভিসের অভ্যন্তরে জবাবদিহিতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক জায়েদ কামালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ