বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

কুতুবদিয়ায় ১৯০ টন সরকারি চাল আ’ত্মসাৎ: সাবেক খাদ্য গুদাম কর্মকর্তার ৮ বছরের কারা’দণ্ড

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদাম থেকে ১৯০ টনের বেশি সরকারি চাল আত্মসাতের মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা চালের সমপরিমাণ অর্থ, অর্থাৎ ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না দণ্ডপ্রাপ্ত পলাশ পাল চৌধুরী। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৫ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদামে বহুল আলোচিত এই আত্মসাতের ঘটনা ঘটে। সে সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পলাশ পাল চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ১৯০ দশমিক ৪৪২ টন সরকারি চাল অবৈধভাবে সরিয়ে আত্মসাৎ করেন বলে তদন্তে উঠে আসে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসাৎ করা চালের প্রতি টনের বাজারমূল্য ছিল ৪৪ হাজার ৭৬৬ টাকা ৫৭ পয়সা। সে হিসেবে সরকারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা।

ঘটনার পর ২০২০ সালের ৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় পলাশ পাল চৌধুরীর পাশাপাশি খাদ্য গুদামের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী শাহজাহান মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের স্প্রেম্যান মো. শাহজাহান, মেসার্স হিমায়ন সি-ফুডসের মালিক দিলরুবা হাসান এবং মেসার্স মোহনা এন্টারপ্রাইজের মালিক সেলিম রেজাকেও আসামি করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ২ আগস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে অন্য পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পলাশ পাল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেছেন। অভিযোগ গঠনের পর থেকেই পলাশ পাল চৌধুরী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ