
নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য গ্রাহকদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে গুদামজাত করার অভিযোগে জসিম উদ্দীন নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ মে) উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, জসিম উদ্দীনের মালিকানাধীন ‘শশী এন্টারপ্রাইজ’ ও ‘রয়েল এন্টারপ্রাইজ’ নামের দুটি টিসিবি ডিলারশিপের মাধ্যমে কার্ডধারী ভোক্তাদের জন্য বরাদ্দকৃত পণ্য সরবরাহ না করে গুদামে মজুত রাখা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব পণ্য পরবর্তীতে বেশি দামে খোলা বাজারে বিক্রির পরিকল্পনা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গুদাম থেকে উল্লেখযোগ্য পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ছিল ১৮০ বোতল (প্রতি বোতল ২ লিটার) সয়াবিন তেল, প্রায় ২০০ কেজি চিনি (৪ বস্তা) এবং প্রায় ২০০ কেজি ছোলা।
অভিযান শেষে ইউএনও মিজানুর রহমান জানান, অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার ডিলারশিপ লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও তিনি জানান।

