মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ, বদলি সহকারী ভূমি কর্মকর্তা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঘুষ গ্রহণের অভিযোগে আলোচিত সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনকে বদলি করা হয়েছে। তাকে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে স্থানান্তর করা হয়। এ সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান স্বাক্ষরিত ২২ এপ্রিলের এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সেলিনা পারভীনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে নিজের ব্যাগে রাখছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে অসন্তোষ দেখা দেয়। এর প্রেক্ষিতে প্রশাসন তাকে বদলির সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি-এর শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বলেন, ভিডিওতে ঘুষ গ্রহণের দৃশ্য স্পষ্ট এবং সরেজমিনেও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার মতে, এমন ঘটনার ক্ষেত্রে বদলি কোনো যথাযথ শাস্তি নয়; এটি একটি গুরুতর অপরাধ।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ