
দুর্নীতির অভিযোগে মামলা থাকায় অভিযোগ পর্যালোচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক পৃথকভাবে এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুজনের বিরুদ্ধেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা থাকায় তাদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সাবেক মন্ত্রী ও তাঁর স্ত্রীর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম।
ফরহাদ হোসেনের আয়কর নথি জব্দ চেয়ে করা আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার নিজ নামে ১২টি ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা ও মোট উত্তোলনের পরিমাণ ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ড জব্দ করা একান্ত প্রয়োজন।
ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, একে অপরের সহযোগিতায় অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তাঁর স্বামী ফরহাদ হোসেনের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৪ কোটি ৫ লাখ ৯৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দা মোনালিসা ইসলামের মূল আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

