
দুর্নীতির মাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি মহাখালী শাখা থেকে সাত প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের পর এরইমধ্যে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামীর নেতৃত্বে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।
রোববার (১৯ এপ্রিল) দুদকের জনসংযোগ দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি মহাখালী শাখার সাবেক শাখা ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরূপ করা হয়েছে। অনুসন্ধান পর্যায়ে ২০২৫ সালের ১৮ মে প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল আবসারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

