সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ক্রেডিট কার্ডে টাকা তুলতে পারবেন না ডিএসসিসি’র সাবেক মেয়র তাপস ও তার স্ত্রী

ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস। কারণ তাঁদের নামে মধুমতি ব্যাংক পিএলসি’র ইস্যু করা ছয়টি ক্রেডিট কার্ডের কার্যক্রম ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি তাপস ও তার স্ত্রী আফরিনের নামে থাকা ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে যাতে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য কার্ডগুলোর ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন। তদন্তকালে জানা যায়, আসামিরা এসব ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছেন।

তাদের বিরুদ্ধে যেহেতু দুর্নীতির মামলা রয়েছে সেহেতু মামলা নিষ্পত্তির আগে এসব ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে তদন্ত কার্যক্রম বিঘ্নিত হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি জ্ঞাত আয় বহিরভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলায় তাপসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ করা হয়। মামলায় তাপসের স্ত্রী আফরিন তাপসও ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়। তার নয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ ডলারের অস্বাভাবিক লেনদেন করা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ