
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন কারাগারে থাকা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁকে জামিন দেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ এপ্রিল এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার শিরীন শারমিনের নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে ডিবি কার্যালয়ে এনে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় মিছিল বিরোধী ব্যক্তিরা মিছিলে গুলি করলে স্থানে গুলিবিদ্ধ হন তিনি। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একটি গুলি আশরাফুলের বাম চোখে লাগে। তাঁর বাম চোখ নষ্ট হয়ে যায়।
আশরাফুল চিকিৎসা গ্রহণ শেষে কিছুটা সুস্থ হয়ে ২০২৫ সালের ২৫ মে ঢাকার আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজার হিসেবে গণ্য করার জন্য লালবাগ থানা কে নির্দেশ দেন। লালবাগ থানা একই বছরের ১৭ই জুলাই হত্যাচেষ্টা মামলা রুজু করেন।
এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শিরিক শারমিন চৌধুরী, আনিসুল হকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মী এবং স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়।
উল্লেখ্য শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলা এবং ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত আন্দোলনের ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলা রয়েছে। কিন্তু অন্যান্য মামলায় তাঁকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। অন্য মামলায় গ্রেপ্তার দেখানো না হলে এই মামলায় জামিন পাওয়ার পর তিনি মুক্তি পাবেন।

