শনিবার, মে ২, ২০২৬

রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে আটক মাইদুল ইসলাম নামের এক ব্যক্তি

এসিএম নিউজ ডেস্ক

রংপুরের রৌমারীর কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারির এমপিওর সুপারিশ করতে ৭ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক ব্যক্তি। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি হলেন মাইদুল ইসলাম (৫০)। তিনি রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকার বাসিন্দা। তিনি নিজেকে সাবেক শিক্ষক ও কৃষক বলে দাবি করেন পুলিশের কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওর সুপারিশ করতে ৯ ফেব্রুয়ারি (সোমবার) উপপরিচালকের কার্যালয়ে যান মাইদুল ইসলাম।
এক সপ্তাহ পর আবারও গতকাল সোমবার উপহারের বাক্সে করে ৭ লাখ টাকা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক উপপরিচালক মোছা. রোকসানা বেগমের কক্ষে যান। সেখানে তাঁকে সুপারিশের বিনিময়ে বাক্সটি গ্রহণ করতে বলেন। এ সময় বাক্সের ভেতরে টাকা থাকার বিষয়টি জানালে রোকসানা বেগম কর্মচারিদের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাসহ ওই ব্যক্তিকে আটক করে বিকেলে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত মাইদুল ইসলাম ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আলাপ করতে আসছি। ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী সন্ধ্যা সাড়ে ৭টায় বলেন, খবর পেয়ে জিডিমূলে টাকা জব্দসহ ওই ব্যক্তিকে শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি দুদককে জানানো হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ