Thursday, October 1, 2026

নাসার নজরুলের স্ত্রী নাসরিনের ৫ কোটি টাকার জমি ক্রোকের নির্দেশ

এসিএম নিউজ, ঢাকা

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের মালিকানাধীন ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
কুমিল্লা জেলার বিভিন্ন মৌজায় এই ভূ-সম্পত্তির রয়েছে নাসরিন ইসলামের। এর মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলে রেখেছেন।
দুদকের তদন্তকালে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মামলার আসামি নাসরিন ইসলাম তার নামীয় এই স্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই যদি এই অবৈধ সম্পত্তি স্থানান্তর বা রূপান্তর হয়ে যায়, তবে তা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে। এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া প্রয়োজন।
এর আগে নজরুল ইসলামের বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।
২০০৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ