
এসিএম নিউজ, ঢাকা
ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সনি র্যাংগস (র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ তার পরিবারের তিন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা দেন।
পরিবারের অন্য দুই সদস্য হলেন।একরাম হোসেনের ভাই সনি সনি র্যাংগসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন, এবং তাঁদের পিতা সাচিমি ওগাওরা হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. আল আমিন তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সনি র্যাংগসের এমডি ও ডিএমডির বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।
গোপন অনুসন্ধান ও অভিযোগ থেকে জানা গেছে, অভিযুক্তদের এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। অভিযুক্তরা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার চেষ্টা করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই সম্পদ রক্ষা এবং অপরাধের আলামত সংরক্ষণের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

