
এসিএম নিউজ, ঢাকা
সাংবাদিক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের ১৮ টি ব্যাংক হিসেবে থাকা ৫ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৮০ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা নির্দেশ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত ও তাঁর স্বার্থ সংশ্লিষ্টদের বেশ কিছু অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন ব্যাংকে থাকা ওইসব অস্থাবর সম্পদ অর্জনের কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। সম্পদ সমূহ নানাভাবে হস্তান্তর /স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হচ্ছে যা মানি লন্ডারিং জনিত অপরাধ।
এই অভিযোগ অনুসন্ধান কালে দুদক জানতে পেরেছে অভিযুক্তরা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। হস্তান্তর বা স্থানান্তর করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় ব্যাংক হিসাব সমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

