সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

অনৈতিকভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ: দুদকের সাবেক দুই কমিশনারসহ আটজনের বিরুদ্ধে মামলা হচ্ছে

এসিএম নিউজ ঢাকা

ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই কমিশনারসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আজ সোমবার দুদকের কমিশন সভায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সবাই সিদ্ধান্ত হয়েছে দুদকের সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে মামলাটি করবেন।
কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা হচ্ছেন দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক ও ড. মো. মোজাম্মেল হক খান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, সদস্য মো. শাহজাহান আলী, ড. মো. মইনুল হক আনছারী, বিজয় কুমার মণ্ডল, কাজী ওয়াসিফ আহমাদ এবং সাবেক রেজিস্ট্রার জেনারেল ও বর্তমানে বন বিভাগ সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আমিনুল ইসলাম।

জানা গেছে, ‘গৃহায়ণ ধানমন্ডি’ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থেকেও ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২২২তম ও ২২৫তম বোর্ড সভায় বৈষম্যমূলক ও বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক ও ড. মো. মোজাম্মেল হক খানের নামে প্রায় দ্বিগুণ আয়তনের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাটের সংস্থান রেখে স্থাপত্য নকশা অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ডি-১২ ও ডি-১৩ নম্বর ফ্ল্যাট একত্রিত করে ৪ হাজার ১০৫ বর্গফুট এবং সি-১২ ও সি-১৩ নম্বর ফ্ল্যাট একত্রিত করে ৪ হাজার ৩০৮ বর্গফুট আয়তনের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট অনৈতিকভাবে অনুমোদনের অভিযোগ রয়েছে।
দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা মিথ্যা হলফনামা প্রদানসহ প্রতারণার আশ্রয় নেন এবং রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ বিধিবহির্ভূতভাবে বরাদ্দ ও অনুমোদন দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ