
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরও এক মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে দশ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা এই মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ানসহ মোট ১৮ জন আসামি।
আজ যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তি তর্ক শুনানি শেষ করেন। অন্যদিকে খুরশীদ আলম এর পক্ষে তার আইনজীবী খালাস চেয়ে শুনানি করেন। শেখ হাসিনাসহ অন্যান্যরা পলাতক রয়েছেন।
আগামী ২ ফেব্রুয়ারি আরেক মামলার রায় ঘোষণার জন্য তারিখ ধার্য রয়েছে। রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত মামলা। অর্থাৎ ২ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে করা দুটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত।
এর আগে গত ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ইতিমধ্যে রায় দেওয়া হয়েছে।
রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ১ টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে।
এর আগে গত বছর ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি দুর্নীতির দমন কমিশন দুদক এই মামলাগুলো দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগ পত্র দাখিল করে দুদক। অভিযোগ পত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সহ ২৮ জন আসামি।
ইতিমধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। চারটি মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

