
ক্যান্সার চিকিৎসার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. এস এম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।
১৯ আগস্ট সকালে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কাউন্সিলের নোটিশে বলা হয়েছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অপরাধবিষয়ক অনুষ্ঠানে ‘ক্যান্সার বিশেষজ্ঞ প্রতারক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনে ডা. এস এম সরওয়ার নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়েছেন এবং ক্যান্সারে আক্রান্ত কয়েকজন রোগীর চিকিৎসাসংক্রান্ত তথ্য ও রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন বলে অভিযোগের উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্য এবং প্রচারপত্রে তিনি নিজেকে ‘অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার’ ও ‘ক্যান্সার গবেষক’ হিসেবে পরিচয় দিয়েছেন। পাশাপাশি তার চিকিৎসাপদ্ধতি সম্পর্কেও বিভিন্ন তথ্য ও ভিডিও প্রচার করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
কাউন্সিলের নোটিশ অনুযায়ী, প্রচারিত প্রতিবেদন ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে, ডা. এস এম সরওয়ার মাত্র চার মাসে জটিল ক্যান্সার রোগ নিরাময় করার সক্ষমতার দাবি করে রোগীদের প্রলোভন ও আশ্বাস দিয়েছেন এবং এভাবে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। প্রচারিত প্রতিবেদনে রোগীদের বক্তব্যের মাধ্যমেও এসব অভিযোগের তথ্য উঠে এসেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দেশের প্রচলিত চিকিৎসাপদ্ধতি ও হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা এবং পদবি, উপাধি ও ডিগ্রি ব্যবহারের অভিযোগও আনা হয়েছে। কাউন্সিলের নোটিশে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩-এর ২০ ও ৩০ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
এ অবস্থায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩, প্রচলিত বিধিবিধান এবং চিকিৎসক হিসেবে নৈতিক আচরণবিধি পরিপালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. এস এম সরওয়ারের কাছে লিখিত জবাব ও ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অভিযোগের বিষয়ে লিখিত জবাব ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

