Sunday, September 20, 2026

এনডিই-র পক্ষে তদবিরের অ’ভিযোগ, চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলীকে ঘিরে বিতর্ক

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় গোপন করে প্রভাব বিস্তার, ঘুষের মাধ্যমে পদায়ন এবং আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)-এর পক্ষে তদবির করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত ওই প্রকৌশলী বর্তমানে নিজেকে বিএনপির সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রামে গুরুত্বপূর্ণ পদায়ন পেতে বিপুল অঙ্কের ঘুষ লেনদেন করেছেন।

অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও সরকারি বিভিন্ন দপ্তরে সক্রিয় দুর্নীতির সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীর কার্যক্রমে তেমন পরিবর্তন আসেনি। বরং রাজনৈতিক পরিচয় বদলে আগের মতোই বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে আরও বলা হয়েছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) বিগত এক যুগে আওয়ামী লীগের প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ সরকারি কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভুয়া ও জাল নথিপত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে রক্ষায় চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী মেহেদী সক্রিয়ভাবে তদবির করছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, প্রকৌশলী মেহেদী অতীতে চুয়েট ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গোপালগঞ্জের বাসিন্দা। তবে সরকার পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির সাবেক নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম গণপূর্তে গুরুত্বপূর্ণ পদায়ন পেতে কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, এনডিই-র বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগ আড়াল করতে এবং প্রতিষ্ঠানটিকে সরকারি কাজ পাইয়ে দিতে প্রকৌশলী মেহেদী ৫০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। যদিও এ বিষয়ে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এনডিই-র বিরুদ্ধে নিম্নমানের কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ, বিদেশ থেকে নির্মাণসামগ্রী আমদানির আড়ালে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও পুনরায় সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, সড়ক ও জনপথ অধিদপ্তর, নৌপরিবহন খাত এবং গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রকৌশলী মেহেদী বা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

এ বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ