বুধবার, জুন ৩, ২০২৬

আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্র’তারণা: সতর্ক করল জাতীয় রাজস্ব বোর্ড

আয়কর বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমানে আয়কর বিভাগের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু অসাধু চক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বলে এনবিআরের নজরে এসেছে।

এনবিআরের মতে, এসব প্রতারক চক্রের মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। বিশেষ করে যেসব প্রার্থী স্বাভাবিক ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন, তাঁদের কাছে চাকরি পাওয়ার কৃতিত্ব নিজেদের বলে দাবি করে অর্থ আদায় করা হচ্ছে। অন্যদিকে, যারা নিয়োগ পাবেন না, তাঁদের কারও কারও অর্থ ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরিরও কৌশল অবলম্বন করছে প্রতারকরা।

জনসচেতনতার স্বার্থে এনবিআর জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

এ অবস্থায় আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো চক্রের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানিয়েছে এনবিআর। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ই-মেইল publicrelationswingnbr@gmail.com ব্যবহার করা যাবে।

একই সঙ্গে চাকরিপ্রার্থী, তাঁদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ